logo
Search

রাজনীতি

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, তীব্র নিন্দা জামায়াতের

জামায়াতেরঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে বাংলাদেশি যুবক আসাদুল হকের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রোববার এক বিবৃতিতে তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহত দুই বাংলাদেশির দ্রুত সুস্থতা কামনা করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, পীরগঞ্জ সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে আহত হওয়ার পর আসাদুল হক ভারতীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই ঘটনায় আরও দুই বাংলাদেশি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, সীমান্তে এ ধরনের প্রাণহানির ঘটনায় বাংলাদেশের সীমান্তবর্তী মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। অন্য দেশের নাগরিককে গুলি করে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতের এই নেতা আরও বলেন, সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ করে মানবিক ও শান্তিপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক পারস্পরিক সম্মান, সমতা, ন্যায়বিচার এবং একে অপরের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত।

তিনি বলেন, সীমান্তে বারবার প্রাণহানির ঘটনা দুই দেশের জনগণের প্রত্যাশিত সুসম্পর্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, আসাদুল হকের মৃত্যুর ঘটনায় ভারতের কাছে আনুষ্ঠানিক ও জোরালো প্রতিবাদ জানাতে হবে। পাশাপাশি পতাকা বৈঠকের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

ভবিষ্যতে এ ধরনের প্রাণহানি রোধে সীমান্তে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান তিনি।

এস