খালেদা বিহীন নির্বাচন প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছে ২০ দলীয় জোট। গতকাল রোববার গুলশানের বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এ ঘোষণা দেয় তারা। রাত ৯টায় শুরু হয়ে বৈঠক চলে প্রায় দেড় ঘন্টা। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা ইস্যুতে রাজপথে থেকে যে কোনো কর্মসূচি ঐক্যবদ্ধভাবে পালন করা হবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়।
সূত্র জানায়, বৈঠকে জোটের ঐক্য অটুট রাখার আহ্বান জানান খালেদা জিয়া। সরকার জোটে ফাটল ধরানোর চেষ্টা করবে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। মামলা নিয়ে সরকারের কোনো কূটচালে বিভ্রান্ত না হয়ে জোট নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, কর্মসূচি ও করণীয় নিয়ে নির্বাহী কমিটির মতামত নেব। এরপর আবার আপনাদের পরামর্শ নিয়ে করণীয় চূড়ান্ত করা হবে।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য আবদুল হালিম, বিজেপির আন্দালিব রহমান পার্থ, জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট এমএ রকীব, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) রেদোয়ান আহমেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) অধ্যাপক রেহানা প্রধান, খেলাফত মজলিশের মাওলানা মুহাম্মদ ইসহাক, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির খন্দকার গোলাম মূর্তজা, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপ-ভাসানী আজহারুল ইসলাম, পিপলস লীগের গরীবে নেওয়াজ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান, হামদুলাহ আল মেহেদি, জমিয়তে উলামা ইসলামের মাওলানা আবদুর রব ইউসুফী, মুফতি মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগের এএইচএম কামরুজ্জামান খান, বাংলাদেশ ন্যাপের জেবেল রহমান গানি, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাইফুদ্দিন মনি ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে উপস্থিত ছিলেন। সর্বশেষ ২০ দলীয় জোটের বৈঠক হয় গত ৮ জানুয়ারি।





