ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট বিজয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ২০ দলীয় জোটের অন্যতম প্রধান রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।

 

অভিনন্দন বার্তায় সকল খেলোয়াড়, কোচ, দলের কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম প্রধানমন্ত্রীর বরাত দিয়ে বলেন, 'আমাদের খেলোয়াড়দের টিম স্পিরিট ও তাদের অসাধারণ নৈপুণ্য দেখে গোটা জাতি গর্বিত।'

তিনি বলেন, বর্তমান সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতা ও সমর্থনের কারণেই এ ঐতিহাসিক সাফল্য এসেছে।

এদিকে, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্টম্যাচে জয়লাভ করায় খালেদা জিয়া অভিনন্দনের পাশাপাশি জয়ের ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদিকে, টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দল ঐতিহাসিক বিজয় লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দল ঐতিহাসিক বিজয় লাভ করায় আমি বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি।

তিনি বলেন, এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দল এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশ ক্রিকেট দলের এ সাফল্যের জন্য দেশবাসী গর্বিত ও আনন্দিত। আমি আশা করি বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে।
আমি বাংলাদেশ ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য ও উন্নতি এবং সমৃদ্ধি কামনা করছি।

উল্লেখ্য, রোববার মিরপুর শেরে-বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ১০৮ রানে ইংল্যান্ডকে পরাজিত করে।

এসএম