স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের ১১টি দেশের বৈঠক চলাকালীন সময়ে কোন নেতিবাচক কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানিয়েছেন।

তিনি বলেন, ‘দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের ১১টি দেশের স্বাস্থ্যমন্ত্রীদের বৈঠক চলাকালে কোন রাজনৈতিক কর্মসূচি না দেওয়ার জন্য আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানাচ্ছি। এসময় কর্মসূচি দিলে দেশের সম্মানের হানি হবে।’

স্বাস্থ্যমন্ত্রী আজ সোমবার রাজধানীর হোটেল সোনাগাঁওতে এক সংবাদ সম্মেলনে এ আহবান জানান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের ৩২তম বৈঠক এবং রিজিওনাল কমিটির ৬৭তম সভার প্রস্তুতি জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আঞ্চলিক স্বাস্থ্যের অগ্রাধিকার ঠিক করতে আগামীকাল মঙ্গলবার থেকে ঢাকায় চারদিন ব্যাপী এ বৈঠক শুরু হবে। চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।

বৈঠকে বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ১১টি দেশের স্বাস্থ্যমন্ত্রীরা এ অঞ্চলের প্রধান স্বাস্থ্যঝুঁকিগুলো নিয়ে আলোচনা করবেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘এ সভার আয়োজক বাংলাদেশ। এটি দেশের ভাবমূর্তির বিষয়। এ সময় নেতিবাচক কর্মসূচি দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করা ঠিক হবে না।’

ঢাকা, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ