বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে কাশিমপুর কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমইউ) হাসপাতালে আনা হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে কারাগারে হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাকে বিএসএমইউতে আনা হয়। সারারাত তাকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়।
তার শারীরিক অবস্থা পর্যেবেক্ষণ শেষে বৃহস্পতিবার সকালে হৃদপিণ্ডের সমস্যা ও ডায়াবেটিকস বেড়ে যাওয়ায় করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার দ্য রিপোর্টকে জানান, ডা. স্বজল ব্যানার্জীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন খন্দকার মোশাররফ হোসেন। বুধবার রাতে কারাগারে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসে।
তিনি জানান, এর আগে ১০ মে ৬৯ বছর বয়সী এ প্রবীণ রাজনৈতিক কারাগারের বাথরুমে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন।
গত বছর ১২ মার্চ দুদকের দায়ের করা মুদ্রা পাচারের মামলায় গুলশানের নিজ বাসা থেকে ড. খন্দকার মোশাররফ হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
ইআর





