১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ‘মিথ্যা জন্মদিন পালনের নামে’ কেক না কাটার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ মঙ্গলবার দুপুরে ন্যাশনাল ইনস্টিটিউট আব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল (এনআইএনএস) মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) এনআইএনএস শাখা এ আলোচনা সভার আয়োজন করে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে বলব, ‘আপনি তথাকথিত মিথ্যা জন্মদিনে কেক কাটা বন্ধ করেছেন ভালো কথা। এত বড় শুভবুদ্ধির উদয় হয়েছে আপনার, এ জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনি ১৫ আগস্ট মিথ্যা জন্মদিনে কেক কাটা কেন বন্ধ করছেন, স্পষ্টভাবে বলেন না কেন? কী সব বলেন, বন্যার জন্য কেক কাটা বন্ধ করছি, সত্য কথা বলেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা দেখিয়ে, শোক দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি কেক কাটা বন্ধ করেছি। খেলে সরাসরি খাবেন, ঘুরিয়ে খাবেন কেন। সত্য কথা বলেন, মানুষ আপনাকে ধন্যবাদ জানাবে।’

এনআইএনএস শাখা স্বাচিপের সভাপতি এম এস জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বদিউজ্জমান ভূঁইয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক দীন মো. নুরুল হক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ইকবাল আর্সলান, মহাসচিব অধ্যাপক এম এ আজিজ প্রমুখ।

এফএফ