বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ফাসির দাবি করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ইনু বলেন, একাত্তরে গণহত্যার দায়ে যদি নিজামীর ফাঁসির রায় হতে পারে, তাহলে মানুষ পোড়ানোর দায়ে খালেদা জিয়ার বিচার ও ফাঁসি দাবি করছি।
রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দল কর্তৃক আয়োজিত ‘বিএনপি-জামায়াত জোটের অব্যাহত গুপ্তহত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গীবাদী তৎপরতা এবং গণতন্ত্র উন্নয়ন স্থিতিশীলতা ও দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে গণ সমাবেশে’ তিনি এ দাবি করেন।
তিনি আরো বলেন, আগুন সন্ত্রাসে পরাজিত হয়ে খালেদা জিয়া এখন গুপ্তহত্যার মত নেক্কারজনক কমকাণ্ডে লিপ্ত হয়েছেন।
ইনু বলেন, সকল জঙ্গীবাদের আশ্রয়স্থল এখন খালেদা জিয়া। খালেদা জিয়ার ছাতার তলে এখন সকল গুপ্তহত্যার ষড়যন্ত্র চলছে।
বিএনপি এখন জামায়াতের মত সন্ত্রাসী দলে পরিণত হয়েছে বলেও দাবি করেন ইনু। তাই গুপ্তহত্যা বন্ধ করতে হলে প্রথমে খালেদা জিয়ার মানুষ পোড়ানোর বিচার শুরু করতে হবে এবং তার সবোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে বলেও দাবি করেন ইনু।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, ঢাকা মহানগর দক্ষিনের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান, ছাত্র লীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ।
ইআর/এমআইএস





