নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের দুই কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকার হাইকোর্ট এলাকা থেকে বুধবার সকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সুলতান ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার। তারা দু’জনই সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা আবুল কালামের অনুসারী।

বন্দর থানার ওসি নজরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জ নৌবন্দরে সোমবার পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা দুটি মামলার আসামী তারা।

সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দুটি দায়ের করে পুলিশ। ওই মামলায় গ্রেফতার এই দুজনসহ সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম ও বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুলসহ ৫০০ জনকে নামে-বেনামে আসামী করা হয়েছে।

এএইচ