বিদেশ যাওয়ার পর দ্বিতীয়বার ছেলে তারেক রহমানের সঙ্গে মিলিত হতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
ওমরাহ পালনের জন্য শনিবার রাতে ঢাকা থেকে সৌদি আরবের পথে রওনা হচ্ছেন খালেদা। এমিরেটসের ওই বিমানে দুবাই থেকে তারেক উঠবেন বলে বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান জানিয়েছেন।
বিভিন্ন মামলা মাথায় নিয়ে ছয় বছর ধরে তারেক যুক্তরাজ্য রয়েছেন। মায়ের সঙ্গে ওমরাহ পালনে তিনি লন্ডন থেকে রওনা হয়ে দুবাইয়ে মিলিত হবেন।
২০০৮ সালে লন্ডন যাওয়ার পর এটা মা-ছেলের দ্বিতীয় সাক্ষাৎ। এর মধ্যে ২০১১ সালে লন্ডন সফরের সময় ছেলের সঙ্গে দেখা হয় খালেদার।
রাত ৯টায় ঢাকা থেকে এমিরেটসের ফ্লাইটে সৌদি আরব রওনা হবেন বিএনপি চেয়ারপারসন।
মারুফ কামাল বলেন, “পবিত্র ওমরাহ পালন ও হারাম শরিফে শবে কদরের রজনীতে এবাদত-বন্দিগী করতে রাতে বেগম খালেদা জিয়া সৌদি আরব যাচ্ছেন।
“দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই বিমানে দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান বেগম জিয়ার সফরসঙ্গী হবেন।”
সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হওয়ায় রাজকীয় মেহমান হিসেবে খালেদা জিয়া ও তারেক রহমানসহ তার সফরসঙ্গীরা দেশটিতে অবস্থান করবেন।
খালেদা জিয়া প্রথমে মদিনায় যাবেন। সেখানে দুই দিন অবস্থানকালে তিনি মহানবী হজরত মুহাম্মদ (সা.) রওজা মোবারক জিয়ারত ও মসজিদে নববিতে এবাদত বন্দেগি করবেন।
এরপর তিনি মদিনা থেকে মক্কায় গিয়ে ওমরাহ পালন করবেন। সেখানে হারাম শরিফে শবে কদরের রজনীতে ইবাদতে বসবেন তিনি।
এই সফরে খালেদার সঙ্গে যাচ্ছেন প্রেসসচিব মারুফ কামাল, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ব্যক্তিগত আলোকচিত্রী নুরউদ্দিন আহমেদ নুরু, বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, সৌদি আরবে চেয়াপারসনের বিশেষ প্রতিনিধি এনামুল হক চৌধুরী প্রমুখ।
ওমরাহ শেষে ঈদুল ফিতরের আগে আগামী ২৭ জুলাই দেশে ফিরবেন খালেদা।
ঢাকা, ১৯ জুলাই (টাইমনিইজবিডি.কম) // জেআই





