বিএনপি’র প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করা নিয়ে সমালোচনাকে উপেক্ষা করে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শেখ মুজিব ছিলেন বাংলাদেশের প্রথম অবৈধ প্রধানমন্ত্রী, আর তাঁর কন্যা হলেন আজকের অবৈধ প্রধানমন্ত্রী।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় কেন্দ্রীয় লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সুধী সমাবেশের প্রধান অতিথি তারেক রহমান বঙ্গবন্ধুর সদ্য স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব গ্রহণের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের পক্ষ থেকে দেশের সংবিধান তৈরির পর সরকার গঠনের কথা বলা হলেও দেশে ফিরে এসে সংবিধান তৈরির আগেই জোর করে শেখ মুজিব প্রধানমন্ত্রিত্ব দখল করেন, যেভাবে বর্তমানে তার কন্যা (শেখ হাসিনা) দখল করেছেন এই পদ।
[youtube]LZ4NTisM7OY[/youtube]
তারেক রহমান ফের দাবি করেন, স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার প্রমাণ আওয়ামী লীগের রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবীদের বক্তব্য ও লেখা বইতেও রয়েছে। এসময় তিনি আওয়ামী লীগের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সেক্টর কমান্ডার কেএম শফিউল্লাহ, সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনসহ আওয়ামী লীগ নেতা ও বুদ্ধিজীবীদের লেখা বই থেকে বিভিন্ন তথ্য ও দলিল সমাবেশে উপস্থাপন করেন। প্রসঙ্গত, এর আগেও স্বাধীনতা দিবস উপলক্ষে লন্ডন বিএনপির এক সুশীল সমাবেশে এই দাবি করেছিলেন।
তিনি উপস্থিত সুশীলদের সামনে প্রশ্ন রাখেন, বঙ্গবন্ধু যদি প্রথম রাষ্ট্রপতি হন, তাহলে দেশ স্বাধীন হওয়ার পর তিনি কেন আবার প্রধানমন্ত্রী হলেন?
জিয়া পুত্র বলেন, শেখ মুজিবুর রহমান যখন ১৯৭২ সালে পাকিস্তান থেকে ফিরে আসেন, তখন পাকিস্তানের পাসপোর্ট সাথে ছিলো। দেশে এসে তিনি নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেন। এটা অবৈধ ছিলো।
স্বাধীনতা সংগ্রামের সময় শেখ মুজিবুর রহমানের ভূমিকার সমালোচনা করে তারেক রহমান বলেন, ৭ মার্চের আগে ফ্রান্স টিভিকে দেয়া এক সাক্ষাতকারে শেখ মুজিবুর রহমান ঐ সাংবাদিককে বলেছিলেন তিনি দেশের স্বাধীনতা চান না, তিনি স্বায়ত্তশাসন চান। এছাড়া তাজউদ্দিন আহমদও শেখ মুজিবুর রহমানকে ৭ মার্চের আগে স্বাধীনতার একটি ঘোষণাপত্র পাঠের কথা বলেছিলেন। কিন্তু তিনি তা ঘোষণায় অস্বীকৃতি জানান। শেখ মুজিব তাজউদ্দিনকে বলেন, এটা করা হলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান এসময় প্রজেক্টরের মাধ্যমে ফ্রান্স টিভিকে দেয়া সাক্ষাতকারের ভিডিওটি সমাবেশে প্রর্দশন করেন। এছাড়া জিয়াউর রহমানই যে প্রথম প্রেসিডেন্ট ছিলেন এর স্বপক্ষে দেশি-বিদেশি ঐতিহাসিক, রাজনীতিবিদ ও লেখকদের বিভিন্ন প্রামাণ্য দলিল সমাবেশে উপস্থাপন করেন।
'মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান চারশ’ টাকার বেতনভোগী কর্মচারী ছিলেন' প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন মন্তব্যের কড়া সমালোচনা করে তারেক রহমান বলেন, শেখ হাসিনা এমন মন্তব্য করে সকল মুক্তিযোদ্ধাদের অপমান করেছেন। এই মন্তব্য প্রত্যাহার করে মুক্তিযোদ্ধাদের কাছে প্রধানমন্ত্রীকে ক্ষমা প্রার্থনার পরামর্শও দেন তিনি।
[b]ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এনএস
[/b]