বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ এবং বুধবার হরতালের ডাক দিয়েছে বিএনপি।

সোমবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিক্ষোভ ও হরতালের ঘোষণা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

মওদুদ আহমদ বলেন, “পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যেই বিএনপি চেয়ারপারসনের উপর হামলা হয়েছে।”

সরকারবিরোধী আন্দোলন শিথিল করে সিটি নির্বাচনে আসা খালেদা জিয়ার পুলিশ নিরাপত্তা প্রত্যাহার নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

৫ জানুয়ারির নির্বাচন বয়কটের পর প্রটোকল অনুযায়ী পুলিশ পাওয়ার মতো কোনো দায়িত্বে নেই খালেদা। তবে তার বাসার পাহারায় পুলিশ ছিল, যা সোমবার সকালে প্রত্যাহার করে নেওয়া হয়।

রোববার উত্তরায় নির্বাচনী প্রচারে গিয়ে খালেদা সরকার সমর্থকদের বাধার মুখে পড়লে পুলিশ সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল।

খালেদা জিয়া সিটি নির্বাচনের প্রচারে নামার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের প্রতি আহ্বান রেখেছিলেন, বিএনপি চেয়ারপারসন যেখানেই যাবেন, সেখানেই যেন তাকে নাশকতার জন্য প্রশ্ন করা হয়।

প্রধানমন্ত্রীর ওই বক্তব্য খালেদা জিয়ার ওপর হামলায় উসকানিমূলক বলে মন্তব্য করেন সাবেক আইনমন্ত্রী মওদুদ।

তিনি বলেন, সরকারের ‘উসকানিমূলক’ বক্তব্য এবং তারপর পুলিশ প্রত্যাহার করে নেওয়া প্রমাণ করে যে খালেদা জিয়ার উপর পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা হয়েছে।

পুলিশের সহযোগিতায় ছাত্রলীগ নেতা-কর্মীরা বিএনপি চেয়ারপারসনের উপর হামলা চালায় বলে অভিযোগ করেন মওদুদ।

তিনি বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে পরাজয় হবে বুঝতে পেরে ‘ফ্যাসিবাদী সরকার’ হামলার পথ বেছে নিয়েছে।

এএইচ