গুম, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা, মামলা-হামলা ও নির্যাতন-নিপীড়ন বন্ধে নেতাকর্মীদের রাজপথে নামার বিকল্প নেই বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ঢাকাস্থ যশোর জেলাবাসীর উদ্যোগে ওই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়

রুহুল কবির রিজভী বলেন, ‘দেশে আজকে ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজমান। রাজনীতিকে আজকে বিরাজনীতিকরণ করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

গুম, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা চলছে। এসবের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে অসংখ্য মামলা হতে পারে। আজকে একটার পর একটা বেআইনি কাজ করছেন তিনি। অথচ তিনি রাজসিংহাসনে বসে আছেন।

আর যারা ন্যায়, গণতন্ত্র ও মানুষের বাকস্বাধীনতার পক্ষে তাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এসব মামলায় প্রতি সপ্তাহে তাদের আদালতে হাজিরা দিতে হয়। এগুলো চেয়ে চেয়ে দেখলে হবে না। এর বিরুদ্ধে আমাদের রাজপথে নামতে হবে।’

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমানের পরিচালনায় এতে বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দ‌ক্ষি‌ণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল এবং দ‌ক্ষি‌ণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার বক্তব্য দেন।

দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, দলের কেন্দ্রীয় নেতা অমলেন্দু দাস অপু, আমিরুজ্জামান খান শিমুল, অধ্যাপক আমিনুল ইসলাম, যুবদলের সাবেক সহসভাপতি আবদুল খালেক, ছাত্রদলের আসাদুজ্জামান আসাদ, নাহিদুল ইসলাম সুহাদ প্রমুখ।

এমএ