আগামী ২৫ ফেব্রুয়ারি বিকাল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল করার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর কার্যালয়ে একটি আবেদন জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৪-০০ টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক এডভোকেট সাইফুর রহমানের নেতৃত্বে জামায়াতের ৪ সদস্যের একটি প্রতিনিধি দল এ আবেদন জমা দেন। প্রতিনিধি দলে আরও ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের সাবেক সহ-সভাপতি এডভোকেট ড. গোলাম রহমান ভুইয়া, বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জালাল উদ্দীন ভুইয়া, এডভোকেট এম আর করিম প্রমুখ।

আবেদনে বলা হয়, আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান ও ওলামায়ে কেরামসহ সকল নেতাকর্মীর মুক্তি এবং কেয়ারটেকার সরকারসহ জনগনের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিলটি ২৫ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার বিকাল ৩.০০ টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড়, বিজয়নগর ও নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হবে। বিক্ষোভ কর্মসূচি সুশৃংখল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

ডিএমপি কমিশনারের কার্যালয়ে আবেদন জমা দেয়ার পর প্রতিনিধি দল উপস্থিত মিডিয়ার সামনে প্রেস ব্রিফিং করেন।

প্রেস ব্রিফিং এ জানানো হয়, আমরা ২৫ ফ্রেব্রুয়ারি বিকাল ৩টায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে কাকরাইল মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিলের জন্য অনুমতি চেয়ে আবেদন জমা দিয়েছি। পুলিশ কমিশনারের কার্যালয় থেকে আবেদন গ্রহণ করে একটি অনুলিপি আমাদেরকে দেয়া হয়েছে। ২১শে ফেব্রুয়ারীর বিভিন্ন কর্মসূচির জন্য পুলিশ কমিশনার ব্যস্ত রয়েছেন ফলে ২২শে ফেব্রুয়ারি বা পরবর্তীতে এ বিষয়ে আমাদেরকে জানাবেন বলে তারা বলেছেন।

প্রেস বিফিং এ এডভোকেট সাইফুর রহমান আরও বলেন, কোটি কোটি মানুষের প্রতিনিধিত্বকারী সংগঠন জামায়াতে ইসলামী একটি গনতান্ত্রিক রাজনৈতিক দল। এদেশে তারা নিয়মতান্ত্রিকভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। জনগণের অধিকার আদায়ে ভুমিকা পালন করা আমাদের সাংবিধানিক অধিকার। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা মনে করি পুলিশ প্রশাসন আমাদেরকে বিক্ষোভ মিছিল করার অনুমতি দেবেন এবং কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করবেন।

উল্লেখ্য যে, গত ১৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ডিএমপির ই-মেইলে ঢাকা মহানগরী দক্ষিণের অফিস সম্পাদক ড. মোবারক হোসাইনের স্বাক্ষরিত একই আবেদন পাঠানো হয়। আজ ডিএমপি কার্যালয়ে জামায়াতের প্রতিনিধি দল স্ব-শরীরে উপস্থিত হয়ে আবেদন করেন এবং ডিএমপি কমিশনারের প্রতিনিধি তাদের কাছ থেকে আবেদন পত্রটি গ্রহণ করেছেন। (প্রেস বিজ্ঞপ্তি )