বিএনপি-জামায়াত ও নাগরিক ঐক্যের আহবায়ক এবং গণফোরাম সভাপতি ড.কামাল হোসেনরা একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১নং গেটের সামনে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত হরতাল বিরোধী এক মানবন্ধনে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিএনপি-জামায়াত ও মান্না- কামালরা দেশ ও গণতন্ত্রের শত্রু। এরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এতদিন ছাত্র সমাজকে প্রতিপক্ষ করেছেন। এখন ছাত্রদেরকে হত্যা করতে চাইছেন। এদেরকে আর ছাড় দেয়া হবে না। গ্রেফতার করে অবিলম্বেই এই ষড়যন্ত্রকারীদের আইনের হাতে সোপর্দ করা হবে।

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাকে দেশের শত্রু উল্লেখ্য করে, অচিরেই তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এই ষড়যন্ত্র কারীদের হাত থেকে দেশ ও দেশের গনতন্ত্রকে রক্ষা করতে হবে।

তিনি আরও বলেন, খালেদা জিয়া ক্ষমতায় এলে ঘরে ঘরে বোমা তৈরির কারখানা তৈরি হবে। বাংলাদেশে জঙ্গিবাদের রাজত্ব কায়েম হবে। বাংলাদেশে পাকিস্তানের পতাকা উড়বে। তাই দেশের মানুষ আজ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। বাংলার মাটিতে তাদের আর ঠাঁই হবে না।

সংগঠনের সভাপতি ও ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, ঢাকা-৭ আসনের সাংসদ হাজী মো: সেলিম প্রমুখ।

এমআর/ এআর