বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, জামায়াতের রোকনদের শপথের হক আদায় করে কাজ করতে হবে এবং জ্ঞানচর্চা ও উন্নত চরিত্র গঠনে তৎপর হতে হবে।
শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত এক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রংপুর মহানগর আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য উপাধ্যক্ষ এ টি এম আজম খানের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ সালাফির পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল ও ঠাকুরগাঁও জেলা আমির মাওলানা আব্দুল হাকিম।
মাওলানা আবদুল হালিম বলেন, জামায়াতের সকল স্তরের দায়িত্বশীল ও জনশক্তিকে সকল অবস্থায় মানুষের সেবায় তাদের পাশে দাঁড়াতে হবে।
বর্তমান সরকারের জুলুম-নির্যাতনের শিকার মজলুম ভাইদের কথা স্মরণ করে তিনি বলেন, শতাব্দীর জঘণ্য ও বর্বর নির্যাতনের পরেও দায়িত্বের ব্যাপারে আমাদের নেতৃবৃন্দ ছিলেন সুদৃঢ় ও আপসহীন। ইস্পাত-কঠিন এই ঈমানী চেতনা ধারণ করতে হবে এবং অগণতান্ত্রিক বর্তমান জালেম সরকারের সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আমাদেরকে বিরামহীনভাবে ছুটতে হবে চূড়ান্ত সফলতার দিকে।
তিনি বলেন, জামায়াতের রোকনদের দায়িত্ব পালনের ক্ষেত্রে হতে হবে পাগলপারা ও আপসহীন। তাদেরকে শপথের হক আদায় করে কাজ করতে হবে এবং জ্ঞানচর্চা ও উন্নত চরিত্র গঠনে তৎপর হতে হবে।
তিনি সকলকে সেশনের বাকি সময়ে পরিকল্পনার অবশিষ্ট কাজ বাস্তবায়নের ওপর জোর তাকিদ দেন এবং হক আদায় করে ময়দানে ভূমিকা রাখার উদাত্ত আহবান জানান।
প্রেস বিজ্ঞপ্তি





