মেয়াদ শেষ হওয়ার প্রায় ২বছর পর বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের ৭ম কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে আগামী ১৯ এপ্রিল। রাজধানীর ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউশন মিলনায়তনে এ কাউন্সিল করার প্রস্তুতি নিয়েছে সংগঠনটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাউন্সিলের উদ্বোধন করবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
এর আগে ২০১০ সালের জুন মাসে ৬ষ্ট কাউন্সিলের মাধ্যমে জাতীয়তাবাদী শ্রমিক দলের সর্বশেষ কমিটি করা হয়েছিল ।
প্রখ্যাত শ্রমিক নেতা ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলামকে সভাপতি ও আরেকজন শ্রমিক নেতা জাফরুল হাসানকে নিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল গঠিত হয়েছিল। কিন্তু সংগঠনকে শক্তিশালী করতে না পারায় এবং সরকারি চাকরিজীবী শ্রমিকদের প্রাধান্য দিয়ে কমিটি করার কারণে মুখ থুবড়ে পড়েছে সংগঠনটি।
যার কারনে সরকার বিরোধী কোনো শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিতে পারেনি শ্রমিক দলের নেতারা। এমনকি বিগত সময়ে সরকার বিরোধী আন্দোলনে রাজপথে শ্রমিকদলের কোনো বলিষ্ঠ পদক্ষেপ দেখা যায়নি।
অভিযোগ রয়েছে এই সংগঠনটির নেতারা সারাদেশে জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী এমন শ্রমিকদের সংগঠিত করতেও ব্যর্থ হয়েছে। আর এজন্য শ্রমিক দলের বর্তমান নেতৃত্বের ওপর বিএনপি হাইকমান্ড চরম ক্ষুব্ধ।
শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জাফরুল হাসান টাইমনিউজবিডিকে জানান, ১৯ এপ্রিল শনিবার সকাল ১০টায় অনুষ্ঠান করার চিন্তাভাবনা করা হচ্ছে। তবে কোনো কারণে সময় পরিবর্তন হতে পারে। কিন্তু তারিখ ১৯ ও ২০ এপ্রিলই থাকবে।
তিনি আরও জানান একইসঙ্গে ঢাকা মহানগর শ্রমিক দলের ষষ্ঠ কাউন্সিলও অনুষ্ঠিত হবে। আর এই কাউন্সিলের মাধ্যমেই সার্বিক দিক বিবেচনা করে ওই কাউন্সিলে ৩৫ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা হবে।
প্রায় ২বছর পার হয়ে যাওয়ার পর কাউন্সিলের বিষয়ে জানতে চাইলে শ্রমিক দলের একজন যুগ্ম সাধারণ সম্পাদক নাম প্রকাশ না করে বলেন, বর্তমান কমিটির সভাপতি জাতীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ার পরও শ্রমিক দলের নেতৃত্বে আছেন। তিনি অনেক সময় ইচ্ছা থাকার পরও শ্রমিক দলকে যথাযথ সময় দিতে পারেন না। যার কারণে সংগঠন গতিশীল করা যাচ্ছে না। তবে পুনর্গঠনের পর আশা করছি নতুন উদ্যোমে কাজ করা যাবে।
তিনি আরও বলেন, বর্তমান কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সংগঠনের মধ্যে এর প্রভাব পড়েছে। তাই আমরা চাচ্ছি সংগঠনকে শক্তিশালী করতে নতুন নেতৃত্বকে সুযোগ দেওয়া হোক।
ঢাকা, এমএইচ, ৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর
রাজনীতি
মেয়াদ উত্তীর্ণ শ্রমিক দলের ৭ম কাউন্সিল ১৯ এপ্রিল
মেয়াদ শেষ হওয়ার প্রায় ২বছর পর বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের ৭ম কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে আগামী ১৯ এপ্রিল। রাজধানীর ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউশন মিলনায়তনে এ কাউন্সিল করার প্রস্তুতি নিয়েছে সংগঠনটি।





