২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে বঙ্গবন্ধুকে ছোট করার জন্যই তার সাথে জিয়াকে স্বাধীনতা পদক দেয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ম-লীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি আরো বলেন, দুইজনকে একই সাথে স্বাধীনতা পুরষ্কার দেয়া হয়েছে যাতে অন্য কোন সময় বঙ্গবন্ধুকে পুরষ্কৃত করা না যায়।
আজ শনিবার প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠীর শোক দিবসের আলোচনায় নাসিম বলেন, যে জিয়াকে মুক্তিযুদ্ধে অবদানের জন্য বঙ্গবন্ধু বীর উত্তম পদক দিয়েছিলেন, সেই জিয়াই বঙ্গবন্ধুর সাথে বেইমানি করেছে, তার আত্মস্বীকৃত খুনিদের পুনর্বাসন করেছে।
“শুধু তাই নয় খুনিদের যাতে বিচার না হয় সেজন্য ইনডেমনিটি (দায়মুক্তি) আইন করেছে এবং খুনিদের বড় বড় সরকারি চাকরি দিয়ে পুরস্কৃত করেছে।”
নাসিম বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার করার জন্য আমাদের দীর্ঘ একুশ বছর অপেক্ষা করতে হয়েছে। জিয়া, এরশাদ আর খালেদা ক্ষমতায় থাকার সময় বঙ্গবন্ধু হত্যার বিচার শুরু করেনি। শেখ হাসিনা ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন।
জঙ্গিবাদ মোকাবেলায় শেখ হাসিনাকে উন্নত দেশ অনুসরণ করে মন্তব্য করে নাসিম বলেন, জঙ্গিবাদের কোন রেহাই নাই বঙ্গবন্ধুর দেশে এবং শেখ হাসিনাই পারবে দেশকে জঙ্গিমুক্ত করতে।
২০১৯ সালের নির্বাচনের কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন,আওয়ামীলীগের বড় চ্যালেঞ্জ ২০১৯ সাল। বিএনপিকে চূড়ান্ত ভাবে পরাজিত করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ আবার ক্ষমতায় আসবে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি চিত্রনায়ক মাসুদ পারভেজ রুবেলের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সাবেক বাণিজ্যমন্ত্রী কর্ণেল (অব:) ফারুক খান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রাণা প্রমুখ।
এমবিএইচ





