বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ।

জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

একই প্রতিবাদে আগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভ করবে এই জোট।

সমাবেশ থেকে সরকারের প্রতি অবিলম্বে বিদ্যুতের দাম কমানোর আহবান জানান বক্তরা। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারী দেন তারা। সেই সঙ্গে বিশ্ববাজারে যখন তেলের দাম কমছে তখন দেশে বিদ্যুতের দাম বাড়ানোকে অযৌক্তিক বলেও দাবি করেন তারা।

বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক আবু জাফর আহমেদ, সিপিবির রুহিন হোসেন প্রিন্স, বাসদের রাজেকুজ্জামান রতন প্রমুখ।

সমাবেশে সরকারের প্রতি বিদ্যুতের দাম কমানোর আহ্বান জানান বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। সরকারের প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করে তিনি বলেন, পেট্রোল বোমা নিয়ন্ত্রণ করে আপনারা ক্ষমতায় এসেছেন ঠিকই। কিন্তু অতি সত্ত্বর বিদ্যুতের দাম না কমালে জনগণের বোমার সম্মুখীন হতে হবে আপনাদের।

দেশী-বিদেশী লুটেরা স্বার্থ রক্ষা করার জন্য সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে অভিযোগ করে তিনি বলেন, সরকার এখন আর জনগনের মতামতের তোয়াক্কা করে না। কারণ সরকারের ক্ষমতায় উৎস এখন আর জনগণ নয়। তাদের ক্ষমতার উৎস এখন কায়েমী শক্তি এ জন্য সরকার বিদ্যুতের দাম অযৌক্তিকভাবে বাড়িয়ে চলেছেন।

এমএ/জেডআই