বিএনপির ভুল নেতৃত্বকে অবসরে পাঠানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড.হাছান মাহমুদ। বুধবার সকালে জামাতের ডাকা হরতালের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বাংলাদেশ স্বাধীনতা পরিষদ,ঢাকা মহানগর আয়োজিত প্রতিবাদ সমাবেশে হাছান মাহমুদ এমপি বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা ভুলের কারণে বিএনপি এখন মুমূর্ষু অবস্থায় আছে। কয়েকদিন আগে রামপাল নিয়ে তিনি যে বক্তব্য রেখেছিলেন সেটাও ছিল ভুল। ভুল,অসত্য তথ্য দিয়ে উনি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।তাই বিএনপির নেতাকর্মীদের প্রতি আমার অনুরোধ দয়া করে আপনারা এ ভুল নেতৃত্বকে অবসরে পাঠান কটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে বিএনপি থাকুক এটা আমরাও দেখতে চাই।

হাছান মাহমুদ বলেন,খালেদা জিয়া অনেক অনুনয়-বিনয় করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর সাথে দেখা করেছিলেন এবং দেখা করে অনুরোধ করেছিলেন নতুন নির্বাচন দেওয়ার জন্য সরকারকে বলার জন্য।কিন্তু জন কেরি সফর শেষ করে যাওয়ার সময় বলে গিয়েছেন বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে সঠিক এবং সমৃদ্ধির পথেই এগুচ্ছে।এতেই বোঝা যায় বেগম জিয়ার কান্নাকাটি কোন কাজে আসেনি।এবং যারা নির্বাচনের জন্য বিদেশীদের কাছে ধরনা দিচ্ছে তারাও বুঝে গেছে যে সাংবিধানিকভাবে ২০১৯ যথাসময়েই দেশে নির্বাচন হবে।

হরতালকে বিএনপি-জামাত কৌতুকে পরিণত করেছে এমন মন্তব্য করে হাছান মাহমুদ আরো বলেন, আমি প্রধান বিচারপতিসহ দেশের সর্বোচ্চ আদালতের প্রতি অনুরোধ জানাবো যারা আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে হরতাল ডাকে তাদের যেন আইনের আওতায় এনে কঠোর শাস্তির বিধান করা হয়। সভায় বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ক্যাপ্টেন তাজুল ইসলাম।

 

এসএ