ক্রসফায়ারের নামে শিবির নেতা এমদাদুল্লাহকে বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর।
সোমবার সকাল ৯টায় মহানগরী উত্তর সভাপতি আনিসুর রহমান বিশ্বাসের নেতৃত্বে মিছিলটি বাড্ডার নতুন বাজারের আগ থেকে শুরু হয়ে নতুন বাজারের কাছে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে আনিসুর রহমান বিশ্বাস বলেন, সরকার অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে ক্রসফায়ারের নামে মেধাবী ছাত্রদেরকে হত্যার নেশায় মেতে উঠেছে।
তিনি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, গুম করে হত্যা করে কখনো ক্ষমতায় টিকে থাকা যায় না, জনতার স্বত:স্ফূর্ত আন্দোলনকে দমন করা যায় না। অতি শিগগিরই আওয়ামী লীগ সরকারের পতন নিশ্চিত করেই শহীদের রক্তের বদলা নেয়া হবে।
এসময় বিক্ষুব্ধ শিবিরকর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে প্রায় ২০ মিনিট রাস্তা অবরোধ করে রাখে। তখন রাস্তায় সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
মিছিলে আরও উপস্থিত ছিলেন- শিক্ষা সম্পাদক ইফতেখারুল ইসলাম শাকিল, খিলক্ষেত থানা সভাপতি, ভাটারা থানা সভাপতি, গুলশান থানা সভাপতিসহ অন্যান্য স্থানীয় শিবির নেতাকর্মীরা।
এআর





