দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজনৈতিক উদ্দেশ্যেই তারেক রহমানের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছে বলে মনে করে বিএনপি।
মঙ্গলবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক বিশেষ সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বর্তমানে দফতরের দায়িত্বে থাকা আসাদুজ্জামান রিপন এই মন্তব্য করে বলেন, নিম্ন আদালতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান নির্দোষ হিসেবে খালাস পেয়েছেন। এরপরেও দুদক উচ্চ আদালতে আপিল করার মাধ্যমে প্রমাণিত হয়েছে সংস্থাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজটি করেছে। দুর্নীতি দমন কমিশনের এই দ্বৈতচারিতা নীতি পরিহার করারও আহ্বান জানান তিনি।
‘বিএনপি দশম নির্বাচনে অংশ নেয়নি বলে তাদের আরো ৫ বছর খেসারত দিতে হবে’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের বিরোধীতা করে তিনি বলেন, তার এই বক্তব্যই প্রমাণ করে তিনি অনির্বাচিতদের নিয়ে ক্ষমতায় থাকতে চান।
তিনি সরকারের প্রতি অভিযোগ করে বলেন, যে নির্বাচনে দেশের জনগণ ভোট দিতে যায়নি সেই ভোটার ও প্রার্থীবিহীন তামাসার নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার ৫ বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে। এর জন্য তাদেরকেই চরম খেসারত দিতে হবে।
তিনি বলেন, জনগণের রায় ছাড়া যে সরকার গঠিত হয়েছে তাদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি অবমাননা করা হয়েছে।
আসাদুজ্জামান রিপন দলের পক্ষ থেকে দাবি করে বলেন, এই প্রহসন ও ভাগাভাগির নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ সম্পূর্ণ অনৈতিক ও অবৈধ। তাই এই সংসদ ভেঙ্গে দিয়ে অবিলম্বে সবদলের অংশগ্রহণে একটি নির্বাচন দেওয়ারও দাবি করেন তিনি।
সাতক্ষীরার যৌথবাহিনীর হামলার কথা বলে বেগম খালেদা জিয়া সংলাপ ও সমঝোতার পথ রুদ্ধ করছেন- যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের এই বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, তিনি মন্ত্রী হওয়ার আগে এক কথা বলেন, হওয়ার পর আরেক কথা বলেন। তিনি নিজের দলের সভানেত্রীর নামেও বিভ্রান্ত কথা বলেন। তাই তার কথা শুনার মত বিএনপির আগ্রহ নেই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তথ্যমন্ত্রী সেনাবাহিনীর ভাবমূর্তির কথা বলছেন। কিন্তু তার নিজেরই প্রশাসনের মধ্য বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে সাজা হয়েছিল, আর সেটাকে ঢাকার জন্য এখন সেনাবাহিনীকে নিয়ে তার এই মায়া কান্না।
সংবাদ সম্মেলনে দলের প্রশিক্ষণ সম্পাদক কাজী আসাদ, সহদফতর সম্পাদক আসাদুল করিম শাহীন এবং আব্দুল লতিফ জনি প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজনীতি
'রাজনৈতিক উদ্দেশ্যেই তারেক রহমানের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল'
দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজনৈতিক উদ্দেশ্যেই তারেক রহমানের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছে বলে মনে করে বিএনপি। মঙ্গলবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক বিশেষ সংবাদ সম্মেলনে





