খালেদা জিয়ার বিরুদ্ধে করা সোনালি ব্যাংকের মামলা আইনি পক্রিয়ায় শেষ করা যাবেনা বরং সরকারি ভাবে তা প্রত্যাহার করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার (অব:) আ স ম হান্নান শাহ্ ।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক অধিকার সংলাপে নয় ভোটের মাধ্যমে আদায় করতে হবে।

মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবে কেন্দ্রীয় যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হবে তা স্বাভাবিক, কিন্তু মিথ্যা মামলা করা হবে তা আমরা মেনে নিতে পানি না উল্লেখ করে হান্নান শাহ বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে এর জন্য দায়ীদের একদিন আইনের সম্মুখীন হতে হবে।

বিএনপির এই নেতা বলেন, যতদিন পর্যন্ত ক্ষমতাসীনদের হৃদয়ে আন্দোলনের মাধ্যমে ভয় দেখাতে না পারবো ততদিন খালেদা জিয়াসহ আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে এভাবে মিথ্যা মামলা চলবে।

আওয়ামী লীগের কিছু লোক আছে যারা বিশেষভাবে অজ্ঞ। কোনো সত্য কথা বললে তাদের গায়ে লাগে। সত্যকে তারা স্বীকৃতি দিতে চান না বলেও মন্তব্য করেন তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে যুব সমাবেশে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ যুবদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএইচ,এসএইচ