সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। রায়ের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, তার বয়স ও সামাজিক মর্যাদা বিবেচনায় জেলকোড অনুসারে তাকে কারাগারে রাখা হবে।
তিনি বলেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে কিংবা জনজীবন বাধাগ্রস্ত করতে চাইলে, আইনশৃঙ্খলা বাহিনী যা করা দরকার, তাই করবে। তার মতে, দেশের পরিস্থিতি স্বাভাবিক ছিল। কেউ কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসেনি।
এদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, জনগণের নিরাপত্তা ও জান-মাল রক্ষার্থে পুলিশ প্রস্তুত রয়েছে। রায় ঘিরে পুরো নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। কোনো উদ্বেগ-উৎকণ্ঠার কারণ নেই। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে যা করণীয় পুলিশ তাই করবে বলে জানান ডিএমপি কমিশনার।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছর এবং তারেক রহমান’সহ বাকি আসামিদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে খালেদা জিয়া ছাড়া বাকি আসামিদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানা করা হয়েছে।
এমবি





