বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ ‘আটক’ হয়েছেন বলে তার পরিবার দাবি করেছে। সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ বলেছেন, মঙ্গলবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার স্বামীকে তুলে নিয়ে গেছেন।

তিনি বলেন, ‘রাতে উত্তরার এক বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সাদা পোশাকের লোকজন সালাহ উদ্দিনকে ধরে নিয়ে যান। তাকে কোথায় নেওয়া হয়েছে, জানতে পারিনি আমরা।’

তবে সালাহ উদ্দিনকে আটকের বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বীকার করেনি। এ বিষয়ে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, বিএনপির এই নেতাকে গ্রেফতারের বিষয় তার জানা নেই।

প্রসঙ্গত, বিএনপি নেতা সালাহ উদ্দিন দীর্ঘদিন ধরে অজ্ঞাত স্থানে থেকে অবরোধ-হরতালসহ দলের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে আসছিলেন।

এমকে