সংবাদপত্রসহ সকল গণমাধ্যমের কণ্ঠরোধ ও বাকস্বাধীনতা হরণকরার জন্য সরকার অনুমোদিত সম্প্রচার নীতিমালার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান। একই সাথে আগামী ৭ আগস্ট বৃহস্পতিবার সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি।
মঙ্লবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও কর্মসূচির ঘোষণা করে দলটি।
তিনি বলেন, তথ্য মন্ত্রণালয় সম্প্রতি নির্বাহী আদেশে পত্রিকার প্রকাশনা বাতিলের ক্ষমতা যুক্ত করে ‘দ্যা প্রিন্টিং ও প্রেসেস এ্যান্ড পাবলিকেশন্স অ্যাক্ট-১৯৭৪’ সংশোধন করে সরকার গণমাধ্যমের স্বাধীনতা হরণের পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, এ নীতিমালার মাধ্যমে টিভি চ্যানেলের টক’শো এবং সভা-সমাবেশে বক্তব্য দেয়ার অধিকার হরণ করার চক্রান্ত করা হচ্ছে। দেশের স্বাধীনচেতা ও গণতন্ত্রকামী জনগণ এই সম্প্রচার নীতিমালা কিছুতেই মেনে নিতে পারে না।
বিবৃতিতে বলা হয়, এই সম্প্রচার নীতিমালা পাশ করা হলে ‘কোন গণমাধ্যমই সরকার, সরকারী কর্মকর্তা, সরকারী কোন প্রতিষ্ঠানের কোন ধরনের অনিয়ম, দুর্নীতি ও অন্যায়-অবিচারসহ কোন ধরনের সমালোচনা করতে পারবে না।করলে দন্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে।’
কোন গণতান্ত্রীক দেশে এই ধরনের মত প্রকাশের স্বাধীনতা হরণকারী সম্প্রচার নীতিমালা গ্রহণযোগ্য নয়। এই আইন পাশ করার মাধ্যমে সরকার বিরোধী দলের মত প্রকাশের অধিকার হরণের চক্রান্ত করছে বলে অভিযোগ করেন তিনি।
সরকারকে এই কালো আইন পাশ করা থেকে বিরত রাখার জন্য সাংবাদিক, বুদ্ধিজীবী, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজসহ সর্বস্তরের জনতাকে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহবান জানান ডা. শফিকুর রহমান।
সংবাদপত্রসহ সকল গণমাধ্যম নিয়ন্ত্রণ ও মতপ্রকাশের অধিকার হরণ করার উদ্দেশ্যে সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামী ৭ আগস্ট বৃহস্পতিবার সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি।
ঢাকা, ৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসআর





