অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেও কোনো লাভ নেই। ২০১৯ সালের ২৯ জানুয়ারির একদিন আগেও কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রোববার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস এসোসিয়েশনের (বিআইএএ) উদ্যোগে ‘বেস্ট ইন্ডেন্টেং অ্যাওয়ার্ডস-২০১৪ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তোফায়েল বলেন, ২০১৩ সালে দেশে অস্থিতিশীলতা তৈরি করেও ব্যর্থ হয়েছে বিএনপি। আবার সেই অস্থিতিশীলতা সৃষ্টি করে কোনো লাভ হবে না।

তার প্রমাণ গতকাল গাজীপুরের জনসভা। এই জন্য তারা আবার হরতাল ডেকেছে। এতে ক্ষতিটা কার? ক্ষতি সাধারণ জনগণের-ব্যবসায়ীদের।

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, অর্থনৈতিকভাবে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে একটি স্থান দখল করে নিচ্ছে।

ঠিক এই মুহূর্তে একটি দল দেশে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেশকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে। তাদের এ আন্দোলনের কারণে তারা লাভবান হতে পারবে না। এতে করে দেশের অর্থনীতির ওপর বিরুপ প্রভাব পড়বে।

তিনি আরো বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনৈতিক চালিকাশক্তি। ব্যবসায়ীরা যেকোনো দল সমর্থন করতে পারে।

ব্যবসায়ীক স্বার্থে দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। ব্যবসা-বাণিজ্যে কোনো রাজনৈতিক ইস্যু টানা উচিৎ না। এতে করে একটি দেশ পিছিয়ে পড়বে।

এসময় বঙ্গবন্ধু প্রসঙ্গে তিনি বলেন, একজন মহান নেতা যিনি ৬ দফা দাবির জন্য ফাঁসির মুখোমুখি হয়েছিলেন।

যিনি না থাকলে বাংলাদেশের জন্ম হতো না। আর এই মহান নেতাকে নিয়ে বিভিন্ন মহল কটূক্তিতে মেতে উঠেছে। তাই তাদের আইনের আওতায় আনতে হবে।

বিআইএএ’র সভাপতি কেএমএইচ শহিদুল হকের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দীন আহমেদ, প্রথম সহ-সভাপতি মিসেস মনোয়ারা হাকিম আলী, ইন্স্যুরেন্স এসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেনসহ বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ।

এসএইচ