দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ২২টি পূজামণ্ডপে দুর্বৃত্তদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ প্রতিবাদ জানান।

প্রতিবাদ লিপিতে শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে হাজার বছর যাবত হিন্দু, মুসলিম, বৌদ্ধ-খৃষ্টান সকলেই বন্ধুত্বপূর্ণ পরিবেশে বসবাস করে আসছে। এদেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপে হামলাকারী দুর্বৃত্তরা দেশ ও ধর্মের শত্রু।’

দেশে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করে বাংলাদেশের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্যেই দুর্বৃত্তরা পূজামণ্ডপে হামলা চালিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যারা এ হামলা চালিয়েছে তাদের প্রশ্রয় দেয়ার কোন সুযোগ নেই। আমি এ ঘটনার তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানাই।’

হিন্দু সম্প্রদায়ের পূজামন্ডপে হামলাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহবান জানিয়ে তিনি বলেন, ‘এ জন্য আমি জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে এই ধরনের অঘটন যাতে আর কেউ ঘটাতে না পারে সেজন্য দেশের সব পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

জেআই,