বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (০৯ মে) দুপুরে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে যাচ্ছে। আপনারা জানেন, গত ৩ মে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে সিসিইউতে রাখা হয়েছে। তাকে এখনো সিসিইউতে রেখেই চিকিৎসা দিতে হচ্ছে।
তার (খালেদা জিয়া) চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড অত্যন্ত আন্তরিকতার সাথে তার চিকিৎসা করছেন বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ইতোমধ্যে দেশনেত্রী খালেদা জিয়া করোনামুক্ত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৪টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়েছে। আমরাসহ দেশবাসী তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে উদ্বিগ্ন। আমরা দোয়া করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
এমবি





