বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) সরকারের পরাধীন সত্ত্বা থেকে বের হতে পারেনি। সরকারের ‘আজ্ঞাবাহী’ নির্বাচন কমিশন আরেকটি প্রহসনের নির্বাচনের আয়োজন করে জাতির কাছে তাদের ‘কলঙ্ক’কে আরো বড় করলো। নির্বাচন কমিশনের এমন নির্লিপ্ত আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ইসির এমন দায়িত্বহীন মনোভব দেশকে আরও গাঢ় অন্ধকারে নিয়ে যাবে।
বুধবার দুপুরে দ্বিতীয় দফায় সংবাদ সম্মেলনে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সব কথা বলেন তিনি।
দলের পক্ষ থেকে উপজেলা নির্বাচনের চিত্র তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
রিজভী বলেন, আওয়ামী লীগ বিশ্বাস করে ‘একতরফা’ নির্বাচনের জন্য জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হবে না। এ জন্য সরকার জাতীয় নির্বাচনের ‘অরাজকতার’ ধারাবাহিকতা উপজেলা নির্বাচনেও বজায় রেখেছে।
এ সময় দেশের বিভিন্ন এলাকার ভোটকেন্দ্রে জালভোট, এজেন্টদের বের করে দেওয়া, বিএনপির নেতাকর্মীদের মারধর করাসহ নানা অভিযোগ আনেন তিনি।
আন্তর্জাতিক সম্প্রদায়ের ষড়যন্ত্রে সরকার ক্ষমতায় এসেছে এমন মন্তব্য করে তিনি বলেন, ৫ জানুয়ারির পর থেকে সরকার উন্মাদ হয়ে গেছে। এ জন্য একটার পর একটা অপকর্ম করে যাচ্ছে। আর এ জন্য প্রধানমন্ত্রী নিজেকে সম্রাজ্ঞী মনে করছেন।
[b]ঢাকা,১৯ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]