ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য তাবিথ আউয়াল এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) পেয়েছেন দলের সদ্য প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের পার্লামেন্টারি সভায় এই দুইজন প্রার্থীকে চূড়ান্ত করা হয়।

মেয়র পদে দুই প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে বিকেল সাড়ে ৪টায় বিএনপির মনোনয়ন বোর্ডের সদস্যরা বৈঠকে বসেন। বৈঠক শেষে মেয়র পদে তিন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎ নেন তারা। এসময় লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপে যুক্ত হয়ে দুই প্রার্থীকে পরামর্শ দেন।

মনোনয়ন বোর্ডের সদস্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দীন সরকার, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ড. আব্দুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

গত শুক্রবার ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নপত্র জমা দেন বিএনপির তিন নেতা। তারা হলেন- আসাদুজ্জামান রিপন, তাবিথ আওয়াল ও ইশরাক হোসেন। 

তাবিথ আউয়াল বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং ২০১৫ সালে ঢাকা উত্তর সিটির প্রথম নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে তিনি ছিলেন বিএনপির সমর্থিত মেয়র পদপ্রার্থী। তবে ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হকের কাছে পরাজিত হন।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ২ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি এবং আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এমবি