সাম্প্রদায়িক অপশক্তির স্থান বাংলাদেশে হতে পারে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, প্রকৃতপক্ষে সকল ধর্মের মর্মবাণী হচ্ছে মানব সেবার মাধ্যমে সৌহার্দ্যে ও সম্প্রীতি স্থাপন করা, মানুষের মঙ্গল করা। ধর্মের এই মর্মবাণী সকলে ধারন করতে পারলেই পৃথিবীতে কোন হানাহানি, মারামারি এবং অশান্তি আর থাকবে না।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতি ও রাঙ্গুনিয়া উপজেলা বৌদ্ধ সমিতির সভাপতি এবং উপজেলার কেন্দ্রিয় সৈয়দ বাড়ি ধর্মচক্র বিহারের অধ্যক্ষ প্রয়াত বিমল জ্যোতি মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এইসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, আমাদের এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রিষ্টান, বাঙালি, মগ, চাকমা সকল ধর্মের, সকল জাতির মানুষের যে সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্পর্ক তা পৃথিবীতে বিরল।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রদায়িক রাষ্ট্র পাকিস্তান থেকে বেরিয়ে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি অসম্প্রদায়িক রাষ্ট্র গঠিত হয়েছিল। আমাদের এই দেশে মাঝে মধ্যে সাম্প্রদায়িক বিষ বাষ্প মাথাছাড়া দিয়ে প্রভাব ফেলার চেষ্টা চালায়। কিন্তু আমাদের এই অসম্প্রদায়িকতা এই অপশক্তিকে সব সময় দমন করেছে। এখনও একটি সাম্প্রদায়িক গোষ্ঠি আমাদের এই দেশকে, আমাদের সমাজকে হেয় করার চেষ্টা করে।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সম্মিলিত শক্তির কাছে তারা অতীতে যেমন পরাভূত হয়েছে তেমনি বর্তমান এবং ভবিষ্যতেও পরাভূত হবে। আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি। সকল ধর্মের মানুষের মিলিত রক্তস্রোতের বিনিময়ে এই বাংলাদেশ সৃষ্টি হয়েছে। সাম্প্রদায়িক অপশক্তির স্থান বাংলাদেশে হতে পারে না।

এমবি