ইসলাম ধর্ম নিয়ে বেফাঁস মন্তব্য করায় আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রীসভা থেকে চূড়ান্ত ভাবে বহিস্কারের পর এবার দলের প্রাথমিক সদস্য থেকেও চূড়ান্ত ভাবে বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্য নির্বাহী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সম্প্রতি দলের পক্ষ থেকে লতিফ সিদ্দিকীকে তার বক্তব্যের জন্য কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। লতিফ সিদ্দিকী তার জবাবও দিয়েছেন। আজ সেই জবাব নিয়ে বৈঠক করা হয়। বৈঠকে কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ তার ব্যাপারে এই সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, হজ, তাবলীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রের একটি সভায় বিরূপ মন্তব্য করায় লতিফ সিদ্দিকীকে মন্ত্রীসভা থেকে বহিস্কার করা হয় এবং দলের প্রেসিডিয়াম সদস্য পথ থেকেও অব্যহতি দেয়া হয়।

এমআর/এসএইচ