চিকিৎসার জন্য শনিবার (১৫ জুলাই) লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইন্সের ৫৭৮ ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

চিকিৎসার পাশাপাশি লন্ডনে বড় ছেলে তারেক রহমানের কাছে বেশ কিছু দিন তিনি অবস্থান করবেন।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার জানিয়েছেন, চেয়ারপারসনের সাথে যাচ্ছেন তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ও গৃহপরিচারিকা ফাতেমা বেগম। এছাড়া দলের আরও বেশ কয়েকজন নেতা লন্ডনে যাচ্ছেন।

সর্বশেষ ২০১৫ সালে ১৬ সেপ্টেম্বর খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যান। ওই সময়ে লন্ডনে দীর্ঘদিন ধরে অবস্থানরত বড় ছেলে তারেক রহমানসহ তার পরিবারের সাথে ঈদ উদযাপন করে দেশে ফিরে আসেন তিনি।

জানা গেছে, এবারের সফরও দীর্ঘ হতে পারে। কোরবানির ঈদ উদযাপন করে দেশে ফিরতে পারেন তিনি।

লন্ডনে যাওয়ার আগে বৃহস্পতিবার রাতে স্থায়ী কমিটির সাথে বৈঠক করেছেন খালেদা জিয়া। তার অনুপস্থিতিতে সংগঠন যাতে গতিশীল ভাবে চলে সে নির্দেশ দিয়েছেন তিনি।

লন্ডনে চোখের ও পায়ের চিকিৎসা শেষে দেশে ফিরে সহায়ক সরকারের রূপরেখা দেবেন বেগম জিয়া।

এমবি