নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি-জামায়াত এখন রাজনীতির মাঠে আসার সাহস হারিয়ে ফেলেছে।

রোববার দুপুরে মাদারীপুর শহরের ইউআই সরকারি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, ‘২০১৩-১৪ সালের বিএনপি ও জামায়াত অন্যায়ভাবে মানুষ হত্যার পাশাপাশি তাণ্ডব চালিয়েছিল শেখ হাসিনাকে উৎখাত করার জন্য।

যখন দেখল এতেও শেখ হাসিনাকে ক্ষমতাচুৎ করা সম্ভব না, তখন তারা রাজনীতির মাঠে আসার সাহস হারিয়ে ফেলেছে।

আর মানুষের কাছে এই প্রশ্নের জবাব দেওয়ার ভাষা নেই বিএনপি ও জামায়াতের। তাই তারা নিশ্চুপ হয়ে গেছে।’

নৌপথে যাত্রীদের ভোগান্তি কমাতে, ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক রাখতে নদী খননে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান নৌমন্ত্রী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, জেলা পরিষদের প্রশাসক মিয়াজ উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির, ইউআই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামসহ অন্যরা।

এমকে