বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার রাজধানী ঢাকাতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে দলটি।বৃহস্প‌তিবার সকাল সোয়া ১০টায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পথচারী ও রিকসা চালকের হাতে লিফলেট তুলে দেন বিএনপির সি‌নিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দলের রিজভী লিফলেট বিতরণ এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী সাংবাদিকদের বলেন, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বক্তব্য সম্বলিত লিফলেট জনগণের মধ্যে বিতরণ করা হচ্ছে। এই লিফলেট বিতরণ কর্মসূচি ঢাকাসহ সারাদেশে চলবে।

তিনি বলেন, ‘আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, আন্দোলন চলবে। আমাদের এই আন্দোলনের মধ্যদিয়ে এই সরকারের পতন ঘটাবো। তারা গায়ের জোরে বিচারিক প্রশাসনকে কব্জা করে বিরোধী দলের নিশ্চিহ্ন করার প্রক্রিয়া যদি চালায়, জনতা নিয়ে রুখে দাঁড়াবে বিএনপি। তারই অংশ হিসেবে এই কর্মসূচি শুরু করেছে।

ভয়ের মধ্যে আপনারা লিফলেট বিতরণ করছেন- এরকম প্রশ্নের জবাবে রিজভী বলেন, অবশ্যই শঙ্কার মধ্যে আমরা আছি। আপনারা দেখেছেন, কয়েকদিন আগে সাবেক এমপি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব অফিস থেকে রের হলেই তাকে কীভাবে নিয়ে গেছে। আতঙ্কের মধ্যে আমাদেরকে কাজ করতে হচ্ছে।

এ সময়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী নেওয়াজ, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, আমিনুল ইসলাম, জিসাস সভাপতি আবুল হাশেম রানা প্রমুখ নেতৃবৃন্দ ছিলেন।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি।