আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের মুক্তির দাবীতে রাজধানীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার লিফলেট বিতরণকালে দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মোবারক হোসাইন বলেছেন, সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে জুলুম-নির্যাতনের পথ বেছে নিয়েছে। জামায়াতকে নিশ্চিহ্ন করার ঘৃণ্য নীলনঁকশা হিসেবেই তারা দলটির শীর্ষ নেতাদের হত্যার ষড়যন্ত্র করছে।

মোবারক হোসাইন বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার হরণ করে প্রহসনের মাধ্যমে ক্ষমতায় আসা অবৈধ আওয়ামী সরকারের রাষ্ট্রীয় সন্ত্রাস, মানবাধিকার লংঘন ও সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ডে বাংলাদেশসহ বিশ্ববাসীর নিকট একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

তিনি বলেন, মুক্তিকামী জনগণ অবশ্যই একদিন এই ফ্যাসিস্ট সরকারকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। পৃথিবীর ইতিহাসে কখনো কোন দাম্ভিক স্বৈরাচারি সরকারের শেষ রক্ষা হয় নি, আওয়ামী লীগেরও হবে না।

ইতিহাস তাদের কখনোই ক্ষমা করবে না মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী সরকারের প্রতিটি ষড়যন্ত্র, জুলুম-নির্যাতন, হত্যা-গুমের জবাব জনগণের কাছে দিতে হবে।

উল্লেখ্য, একযোগে সকাল সাড়ে ৮টায় রাজধানীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে জামায়াতে ইসলামি।

কাফরুল থানার ৭টি , ভাষানটেক থানার ৪টি (ভাষানটেক বাজার, ১৪ নং মোড়), যাত্রাবাড়ি পূর্ব থানা থানার ১১টি, যাত্রাবাড়ি পশ্চিম থানার ২টি, ডেমরা থানার ১১টি, কদমতলী পূর্ব থানা ৪৩টি, কদমতলী পশ্চিম থানার ১১টি, শ্যামপুর থানার ৬টি, চকবাজারের উর্দু রোড, ঢাকেশ্বরী রোড, নাজিমউদ্দিন রোড, ইমামগঞ্জ মোড়, চকবাজার মোড়, সোয়ারী ঘাট, ইসলামবাগ মোড়, উমেশ দত্ত রোড, চাঁদনি ঘাটসহ ২০টি স্পটে লিফলেট বিতরণ করে দলটি।

এছাড়া শাহজাহানপুর, শাহ আলী থানা, খিলগাঁও, পল্টন, মতিঝিল, মিরপুর, মহাখালী, উত্তরা, বাড্ডা, কোতয়ালী, সূত্রাপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা।

এমকে