দেশে ভাস্কর্য নির্মাণের বিপক্ষে অবস্থান নেওয়া ইসলামি চিন্তাবিদরা প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে সামাধান করতে শিগগিরই প্রধানমন্ত্রীর সাথে তারা সাক্ষাতের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
যাত্রাবাড়ী বড় মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী এই তথ্য নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীকে দিতে চিঠি তৈরির প্রস্তুতি চলছে। আশা করা হচ্ছে দু-একদিনের মধ্যেই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
জানা গেছে, চিঠি ও প্রস্তাবগুলোর বিষয়ে তাদের অন্যতম নেতা মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবেন।
গত শনিবার যাত্রাবাড়ী মাদরাসায় ইসলামী চিন্তাবিদদের বৈঠকে এবং পরে যে সংবাদ সম্মেলন হয় সেখানেও উপস্থিত ছিলেন মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী। ওই বৈঠক শেষে ‘ভাস্কর্য নির্মাণ ইসলামে নিষিদ্ধ’উল্লেখ করে পাঁচ দফা একটি প্রস্তাব দেওয়া হয়েছিল।
তবে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশে একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ধর্মীয় বিভেদ তৈরি করার চেষ্টা করছে।
অপরদিকে এ বিষয়ে হুঁশিয়ারি দিয়ে এক ভিডিও কনফারেন্সে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ইতিহাসের মীমাংসিত বিষয় নিয়ে একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ধর্মীয় বিভেদ তৈরির চেষ্টা করছে।
আওয়ামী লীগ গায়ে পড়ে আক্রমণ করে না। কিন্তু আক্রমণের শিকার হলে প্রতিরোধ গড়ে তুলতে এক বিন্দুও পিছপা হয় না। বাড়াবাড়ি করলে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা ঘরে বসে চুপ করে থাকবে না।
উগ্রবাদী গোষ্ঠীকে অনুরোধ করে কাদের আরও বলেন, ‘আমি উগ্রবাদী গোষ্ঠীকে স্পষ্ট করে বলতে চাই, আপনারা অনেক করেছেন, এনাফ ইজ এনাফ, এবার থামুন।’ খবর বিবিসির।
এএস





