আজ সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী। বুধবার দলের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
দলটির ঢাকা মহানগরী সহকারী সেক্রেটারী ড: শফিকুল ইসলাম মাসুদসহ জামায়াত-শিবিরের নেতাকর্মীদের গ্রেফতার করে পুলিশ রিমান্ডে নিয়ে অত্যাচার-নির্যাতনের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিবৃতিতে ডা: শফিকুর রহমান বলেন, ড: শফিকুল ইসলাম মাসুদকে পুলিশ রিমান্ডে নিয়ে তার ওপর অত্যাচার-নির্যাতন চালানোর ফলে তিনি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।
তিনি বলেন, রিমান্ডে নিয়ে রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর অমানসিকভাবে জুলুম-নির্যাতন চালানো সম্পূর্ণ অন্যায় ও মানবাধিকারের পরিপন্থী কাজ। ড: শফিকুল ইসলাম মাসুদের অসুস্থতার খবরে তার পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও রাজনৈতিক সহকর্মীগণ গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত। তাকে রিমান্ডে নিয়ে তার ওপর জুলুম-নির্যাতন চালিয়ে সরকার সম্পূর্ণ বেআইনী ও অমানবিক কাজ করছে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে রিমান্ডে নিয়ে তাদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে তাদের অসুস্থ ও পঙ্গু করে দেয়া সরকারের একটি বদঅভ্যাসে পরিণত হয়েছে।
বিবৃতিতে ডা. শফিকুর রিমান্ডে নিয়ে অত্যাচার-নির্যাতন চালানো বন্ধ করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী ড: শফিকুল ইসলাম মাসুদ এবং খুলনা জেলার তেরখাদা উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবিরুল ইসলামসহ সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানান।
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর, এসএইচ





