জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদই জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হচ্ছেন।
দেবর-ভাবীর মধ্যকার দীর্ঘদিনের চলমান দ্বন্দ্বের আপাতত সমাপ্ত ঘটছে। সমঝোতার মাধ্যমে দেবর জি.এম কাদের পার্টির চেয়ারম্যান আর ভাবী (প্রয়াত এরশাদের স্ত্রী) সংসদের বিরোধী দলের নেতা হচ্ছেন।
রোববার (২১ জুলাই) এই বিষয়ে দলটির মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা গণমাধ্যমকর্মীদের বলেছেন, রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা হচ্ছেন এখন পর্যন্ত এমন সিদ্ধান্ত রয়েছে বলে জানি। অর্থাৎ ম্যাডাম (রওশন এরশাদ) সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে সংসদ দেখবেন আর জি.এম কাদের পার্টি পরিচালনা করবেন।
পার্টির চেয়ারম্যান এরশাদের মৃত্যুর পর তার ছোটভাই জি.এম কাদের ইতোমধ্যেই জাতীয় পার্টির চেয়ারম্যান মনোনীত হয়েছেন।
বর্তমান একাদশ জাতীয় সংসদে রওশন এরশাদ বিরোধীদলীয় উপনেতা হিসেবে রয়েছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান সদ্য প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন বিরোধীদলীয় নেতা। এরশাদের মৃত্যূতে বিরোধীদলীয় নেতার পদ শূন্য হয়েছে। একাদশ সংসদে প্রথমে বিরোধীদলীয় উপনেতা ছিলেন জিএম কাদের।
হুসেইন মুহম্মদ এরশাদ গত ৭ এপ্রিল চিঠি দিয়ে ছোটভাই জি.এম কাদেরকে সংসদে উপনেতার পদ থেকে সরিয়ে দেন। সেই পদে বসান স্ত্রী রওশন এরশাদকে। রওশন এরশাদ দশম জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ছিলেন। ওই সময় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেন।
এমবি





