[quote]বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, সরকার নির্বাচন কমিশনকে নিজেদের আজ্ঞাবহ করে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটিকে কলঙ্কিত করেছে।
রোববার দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ৩১ মার্চ অনুষ্ঠিতব্য ৫ম দফা উপজেলা নির্বাচন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বতর্মান অবৈধ সরকার গত ৪ ধাপের উপজেলা নির্বাচনে যে ভাবে সহিংসতা চালিয়ে ভোট কেন্দ্র দখল, ব্যালেট বাক্স ও ব্যালেট পেপার ছিনতাই করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পদগুলা ছিনিয়ে নিতে মরিয়া ছিলো। আগামীকালের নির্বাচনেও এর ব্যত্যয় ঘটাবে না।
সরকারের প্রভাবশালীদের নির্দেশে স্থানীয় প্রশাসন নগ্নভাবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পক্ষে কাজ করছে এমন অভিযোগ করে সালাহ উদ্দিন আরও বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীতে দলবাজ কর্মকর্তা নিয়োগ দিয়ে নির্বাচনের ফল নিজেদের পক্ষে নিতে বিরোধী প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশির নামে হামলা ও ভয়-ভীতি দেখাচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনে দলবাজ, অদক্ষ, লোকদের কমিশনে নিয়োগ দিয়ে নিজেদের ক্ষমতা চিরস্থায়ী করার চক্রান্ত করছে আওয়ামী লীগ। অতীতের ন্যায় ভোট ডাকাতি করে আগামী কালের নির্বাচনের ফলাফল ছিনিয়ে নিতে কমিশন সরকারী দলের ক্যাডারদের সর্বাত্বক সহযোগিতা করছে।
আওয়ামী লীগ গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার বুলি আওড়িয়ে বাকশালি শাসনের দিকে এগিয়ে যাচ্ছে বলে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ আর গণতন্ত্র এক সাথে চলতে পারেনা। গণতন্ত্রে মুখোশে আওয়ামী লীগ একটি স্বৈরাচারী দল। অরাজকতা, বিশৃঙ্খলা, হত্যা, গুম আর নির্যাতনের সম্বনয়ে গঠিত দল আওয়ামী লীগ। নির্বাচনে কারচুপি আর সহিংসতায় আওয়ামী লীগ ১৯৭৩ সাল থেকে পারদর্শী। ভোট ডাকাত এ সরকার, জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করেনা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b][/quote]