স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপিসহ সকল রাজনৈতিক দলের প্রতি অংশগ্রহণের আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘সিটি নির্বাচনের তারিখ ঘোষণা করায় দেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। গণতন্ত্রের প্রধান উপাদান নির্বাচন। সুষ্ঠ গণতান্ত্রিক ব্যবস্থা দেশে বজায় রাখতে বিএনপিসহ সকল রাজনৈতিক দলের প্রতি আমি সিটি নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।’

শনিবার শাহবাগস্থ জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে স্বাধীনতা ফিজিও চিকিত্সক পরিষদ আয়োজিত জাতীয় ফিজিওথেরাপি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি ডা. হারুন-অর-রশিদের সভাপতিত্বে আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জমান ভূঁইয়া ডাবলু, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. দিলীপ রায় প্রমুখ বক্তব্য রাখেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘সিটি কর্পোরেশন নির্বাচন ঘোষণার মাধ্যমে যে সুযোগ তৈরি হয়েছে আপনারা তা গ্রহণ করুন। স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়েই নির্বাচনী আমেজ শুরু হয়েছে। এর মধ্য দিয়েই পর্যায়ক্রমে ২০১৯ সালের জাতীয় নির্বাচন করা হবে।’

জেআই