প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ভিক্ষুকের দেশ বাংলাদেশকে যিনি উন্নয়নশীল দেশে পরিণত করেছেন তিনি আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা।

আজ শনিবার (২৩ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসে বক্তব্য প্রদানকালে তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা পলিটিশিয়ানের সীমানা পেরিয়ে আজকের স্টেটসম্যান। তিনি রাজনৈতিক নন, যুবলীগ যথার্থই বলে তিনি রাষ্ট্রনায়ক।

তিনি বলেন, আমাদের যারা সাধারণ কর্মী, তারা খুবই ভালো মানুষ, তাদের কোনও লোভ-লালসা নেই। তারা নেত্রীর আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, নতুন নেতৃত্বের দ্বার উদঘাটনের মধ্য দিয়ে যুবলীগ সূচিত করবে আবারও শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কের এগিয়ে যাওয়ার এক অনন্য দৃষ্টান্ত।

সংগঠনটির বিদায়ী সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বলেন, যুবলীগের এখন যে সমালোচনা হচ্ছে, তার জন্য গুটিকয়েক নেতা দায়ী। গুটিকয়েক লোকের অতি লোভের কারণে, তাদের আচার-আচরণের কারণে, রাতারাতি বড়লোক বড়লোক হওয়ার দুঃস্বপ্নের কারণে আজকে আমাদের নামে অপবাদ আসছে।


উপস্থিত যুবলীগ নেতাদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নেত্রীর শুদ্ধি অভিযান আপনারা সফল করবেন। সন্ত্রাস, ভূমিদস্যুতা, টেন্ডারবাজি ও চাঁদাবাজিকে না বলুন।’

এর আগে আজ বেলা ১১টা ১১ মিনিটে বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় সংগীতের মাধ্যমে যুবলীগের সপ্তম কংগ্রেস উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এএস