যুবলীগের সম্মেলন যে প্রক্রিয়ায় হয়েছে অবশ্যই তার প্রতিফলন আওয়ামী লীগের আসন্ন সম্মেলনে দেখা যাবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ রবিবার সচিবালয়ে তথ্যমন্ত্রীর নিজ দপ্তরে ওমানের রাষ্ট্রদূত তাঈদ সেলিম আব্দুল্লাহ আল আলাউই এর সৌজন্য সাক্ষাৎ শেষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, কিছু নেতৃত্বের কারণে যুবলীগের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছিল। কিন্তু গতকালের সম্মেলনের মাধ্যমে যুবলীগের একটি চমৎকার কমিটি গঠিত হয়েছে। যুবলীগের প্রতিষ্ঠাতার সন্তানের হাতেই যুবলীগের চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে।

শেখ পরশ অত্যন্ত শিক্ষিত ও মার্জিত মানুষ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স করেছেন। এরপর যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। তিনি ইস্ট ওয়েস্টে পড়াচ্ছেন।

যুবলীগ সাধারণ সম্পাদকের প্রশংসা করে ড. হাছান মাহমুদ বলেন, সাধারণ সম্পাদক হিসেবে যাকে দেয়া হয়েছে তিনিও ভালো মানুষ। তাকে নিয়ে বিন্দুমাত্র প্রশ্ন নেই। তাদের নেতৃত্বে যুবলীগ যুবসমাজের ভ্যানগার্ড হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।

যুবলীগের কমিটির মধ্যমে প্রধানমন্ত্রী কোনো বার্তা দিয়েছেন কিনা জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের কয়েকটি অঙ্গ সংগঠনের সম্মেলন হয়েছে। সেখানে যাদের নেতৃত্বে আনা হয়েছে, তারা সবাই স্বচ্ছ ভাবমূর্তির মানুষ, সৎ মানুষ। খালেদা ও এরশাদ ষোলকলা পূর্ণ করেছিলেন, রাজনীতিকে সেই চক্র থেকে বের করে এনেছেন প্রধানমন্ত্রী।


এএস