একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের আপিলের রায় বহাল রাখার প্রতিবাদে সমাবেশ করেছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশী আমেরিকান প্রগ্রেসিভ ফোরাম (বাপফ)।

রোববার (৩ নভেম্বর-২০১৯) স্থানীয় সময় রাত ৭টায় নিউ ইয়র্কের ব্রুকলিনে এভিনিউ সি প্লাজায় এ টি এম আজহারুল ইসলামের ফাঁসির রায় বহাল ও ভোলায় নবীপ্রেমিক মুসল্লিদের হত্যার প্রতিবাদে সমাবেশ করেন তারা।

তারা বলেন, সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে আদর্শিক ও রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে হত্যা ও ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। আজহারুল ইসলামের মতো বর্ষিয়ান ইসলামি নেতাকে বির্তকিত ট্রাইব্যুনালের মাধ্যমে হত্যা করার চেষ্টা করছে। কিন্তু সচেতন জনতা কখনোই তা মেনে নেবে না। সরকারের এ নিষ্ঠুর আচরণে ইতিহাসের কাঠগড়ায় একদিন দাঁড়াতে হবে।

তারা সরকারকে হুঁশিয়ার করে বলেন, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মোহাম্মদ কামারুজ্জামান, মীর কাসেম আলী, আব্দুল কাদের মোল্লার মতো হাজারো নেতাকে হত্যা করে বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলার স্বপ্ন কোনো দিনই পূরণ হবে না।

তারা আরো বলেন, আমরা দেশে হত্যা, গুম আর খুনের রাজননীতি চাই না। সরকারের রাজনৈতিক প্রতিহিংসামূলক হত্যা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার জন্য উদাত্ত আহ্বান জানান।

সমাবেশে তারা ভোলায় নবীপ্রেমিক সাধারণ মুসল্লীদের হত্যা ও হাজার হাজার মানুষকে আহত করার তীব্র নিন্দা জানান এবং অপধারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

সমাবেশে বক্তব্য রাখেন প্রফেসিভ ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা প্রফেসর নূরুল ইসলাম, ফোরামের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, শিক্ষাবিদ আবু সামীহাহ সিরাজুল ইসলাম, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা হেলাল উদ্দিন, আবুল হাশেম শাহাদাত, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, মোতাসিম বিল্লাহ, যুক্তরাষ্ট্র জাগপার সভাপতি এএইচ এম রহমত উল্যাহ ভূইয়া, মাওলানা সাফায়েত হোসাইন, মাওলানা সিহাব উদ্দিন প্রমুখ।

এম বিল্লাহ