বিশিষ্ট মুক্তিযোদ্ধা, ঢাকার সাবেক মেয়র-সাবেক এমপি ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন জানান, আমার বাবা যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় বলেছিলেন- ‘আমার লাশ কি বাক্সবন্ধি করে দেশে নিতে হবে? যে দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি সেই দেশের মাটিতে কি আমার মৃত্যু হবে না?

বৃহস্পতিবার বেলা ১১ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাদেক হোসেন খোকার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় তার ছেলে ইশরাক হোসেন আবেগ আপ্লুত হয়ে এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, আমি এর আগে কোনোদিন সংসদ চত্বরে আসিনি। বাবার লাশের সাথে এই প্রথম সংসদ চত্বরে আমার প্রথম পা রাখা। যদিও আমার বাবা চারবার সংসদ সদস্য নির্বাচত হয়ে এই সংসদে এসেছেন।

বাবার বন্ধু-সহকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের প্রতি আমি ও আমার পরিবার চিরকৃতজ্ঞ। আপনারা বাবাকে ভাল বাসতেন। তাকে স্মরণ করে আজ জানাজায় এসেছেন। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন।

ইশরাক হোসেন বলেন, মৃত্যুর আগে আমার বাবা দেশে আসতে চেয়েছিলেন। তিনি দেশের মাটিতে শেষ নি:শ্বাস ত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু পারলেন না। বাবা যে ধারণা করেছিলেন তাই সত্য হলো, বাক্সবন্ধি করেই তার লাশ দেশে নিতে হলো। মৃত্যুর পর বাবাকে নিউইয়ার্কে বাক্সবন্ধি করেই বিমানে ওঠাতে হয়েছে।

বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোকার মরদেহবাহী গাড়িটি পৌঁছায়। পরে দক্ষিণ প্লাজায় অস্থায়ীভাবে স্থাপিত মঞ্চে মরদেহের কফিন রাখা হয়। জানাজা শেষে সেখান থেকে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে নেয়া হবে। বাদ জোহর নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে আজ বৃহস্পতিবার সকাল ৮টা ২৮ মিনিটের দিকে খোকার মরদেহ বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বাংলাদেশ সময় বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে তার মরদেহ নিয়ে নিউইয়র্ক থেকে দেশের উদ্দেশে রওনা দেন তার স্বজনরা।

উল্লেখ্য, ২০০২ সালের ২৫ এপ্রিল অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন সাদেক হোসেন খোকা। ২৯ নভেম্বর ২০১১ সাল পর্যন্ত টানা ১০ বছর বিএনপি ও আওয়ামী লীগের শাসনামলে তিনি ঢাকা মহানগরের মেয়র ছিলেন।

চিকিৎসার জন্য ২০১৪ সালের ১৪ মে দেশ ছাড়েন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। বিদেশে থাকা অবস্থায় দুটি মামলায় তার সাজা হয়।

গত ১৮ অক্টোবর নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে ভর্তি হন তিনি। গত সোমবার তার শ্বাসনালি থেকে টিউমার অপসারণ করা হয়। নিউইয়র্ক সময় রাত ২টা ৫০ মিনিটে ও বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।