আগামী রোববার ৬ সেপ্টেম্বর ২০ দলীয় জোটের পক্ষ থেকে দেশব্যাপী ঘোষিত শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি সফল করার আহবান জানিয়েছে জামায়াতে ইসলামী। শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ আহবান জানান।

বিবৃতিতে তিনি বলেন,আন্তর্জাতিক বাজারে যেখানে তেলের দাম কমে গিয়েছে সেখানে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের কোন যুক্তি নেই। গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে জনদুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার নয়।

কাজেই সরকার জনগণের সুখ-দুঃখের কথা ভাবে না। সরকার চায় অন্যায়ভাবে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে। জনগণের ঘাড়ে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে সরকার লুটপাট এবং ভোগ বিলাসে ব্যস্ত।

গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে শিল্পে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। পরিবহণ ও বাসা ভাড়া বৃদ্ধি পাচ্ছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হুহু করে বাড়ছে। সীমিত আয়ের দরিদ্র লোকদের জীবন ধারণ কঠিন হয়ে পড়েছে।

সে দিকে সরকারের কোন ভ্রুক্ষেপ নেই। এ থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে যে, এ সরকার জনগণের কল্যাণ চায় না। সরকার অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্ত জাতির ঘাড়ে চাপিয়ে দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করছে।

গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির অন্যায় এবং অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদে ২০ দলীয় জোটের পক্ষ থেকে আগামী রোববার ৬ সেপ্টেম্বর দেশব্যাপী ঘোষিত শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য আমি জামায়াতে ইসলামীর সকল শাখার প্রতি আহবান জানাচ্ছি এবং দেশবাসীর সহযোগিতা কামনা করছি।

এআর