খালেদা জিয়ার ওপর হামলার ঘটনায় মামলা করবে বিএনপি। তেজগাঁও থানায় এই মামলা দায়ের করা হবে বলে জানা গেছে। মামলার প্রস্তুতি নিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মাসুদ আহমেদ তালুকদারসহ বেশ কয়েকজন আইনজীবী।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘হামলার ঘটনায় তেজগাঁও থানায় আজ মামলা করা হবে। আইনজীবীরা আর কিছু সময়ের তেজগাঁও থানায় যাবেন।’
গতকাল সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনে দল সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণায় নেমে রাজধানীর কারওয়ানবাজারে ক্ষমতাসীন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার শিকার হয় খালেদা জিয়ার গাড়িবহর।
এতে খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা কর্মীসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। পরে এ ঘটনার প্রতিবাদে আজ সারাদেশে বিক্ষোভ এবং আগামীকাল বুধবার ঢাকা ও চট্টগ্রাম মহানগরী বাদে দেশব্যাপী হরতাল ডেকেছে বিএনপি।
এমকে





