বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেছেন, ১/১১ সরকারের সঙ্গে হাত মিলিয়ে কারা  বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে হত্যার ষড়যন্ত্র করেছিল দেশের মানুষের কাছে সেটি আজ পরিষ্কার। তারই ধারাবাহিকতায় বর্তমানেও বিএনপিকে নির্মূল করার চক্রান্ত করা হচ্ছে।

বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম দল ঢাকা মহানগর উত্তর আয়োজিত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৭ম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকারের মন্ত্রীরা সব সময় উষ্কানিমূলক বক্তব্য রাখছেন এমন অভিযোগ করে তিনি বলেন, কিন্তু বিএনপি কোনো উষ্কানিতে কাজ করবে না। জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে বাধ্য করা হবে।

বিএনপির এই নেতা বলেন, সরকারের মন্ত্রীরা প্রতিনিয়ত তারেক রহমানকে নিয়ে অশ্লীল ও আপত্তিকর মন্তব্য করে যাচ্ছেন। কিন্তু মনে রাখতে হবে দেশের জনগণ যেভাবে তারেক রহমানকে চিনে এইসব হঠাৎ করে মন্ত্রী হওয়া লোকজনকে দেশের কতজন মানুষ চিনে।

তিনি বলেন, বর্তমান সরকার জিয়ার নাম শুনলেই ভীত হয়ে পড়ে, এমনকি তারেক রহমানের নাম শুনলেও তারা ভীত হয়ে পড়ে। আর উনার বক্তব্য শুনলে তাদের গায়ে চুলকানি শুরু হয়। কারণ উনি সত্য ইতিহাস জাতির সামনে তুলে ধরতে চান।

মির্জা আব্বাস বলেন, তারেক রহমান সাহেব বর্তমানে মুক্ত আছেন কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। তবে তিনি চিকিৎসাধীন আছেন সুস্থ হলে দেশে ফিরে আসবেন।

সংগঠনের সভাপতি এস এম রিয়েল রোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, প্রজন্ম দলের কেন্দ্রীয় সভাপতি শামা ওবায়েদ প্রমুখ ।

ঢাকা, এমএইচ, ০৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম