উপজেলা নির্বাচনের সরকার সমর্থকরা পরাজিত হয়ে বিরোধী দলের নেতা কর্মীদের ওপর বেপরোয়া নির্যাতন চালাচ্ছে অভিযোগ করে বিএনপির যুগ্ম মহাসচিব ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রিজভী আহমেদ।
তিনে বলেন, ক্ষমতাসীনরা অনুগত প্রশাসনকে কাজে লাগিয়ে ব্যালেট পেপার ছিনতাই, জালভোট প্রদান, ভোট কেন্দ্র দখল করার পরও বিরোধী দলীয় জোট প্রার্থীরা জয়লাভ করায় সরকার কান্ডজ্ঞানহীন হয়ে পড়েছে।
শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের দানবীয় আক্রমণ ও নির্বাচন কমিশন যদি আজ্ঞাবহ হয়ে কাজ না করতো তাহলে বিরোধী দলীয় জোট উপজেলা নির্বাচনে ৯৫ ভাগ উপজেলায় জয়লাভ করতো।
রিজভী সরকারকে হুশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন কমিশন সরকারের দৃষ্কর্মের সহযোগী।
পরবর্তী ধাপে যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে যদি সরকার ও নির্বাচন কমিশন নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন না করে তবে আমাদের আন্দোলনের পরিধি আর স্থানীয় পর্যায়ে থাকবে না, তা আরো বিস্তৃত হবে।
উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতায় জাল ভোটের মহোৎসব চলেছে দাবী করে তিনি বলেন, সরকার সমর্থিত প্রার্থীদের নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ, অনিয়ম ও সন্ত্রাসী কর্মকান্ডের বিষয়ে কার্যকর নিরুত্তর থেকেছে নির্বাচন কমিশন।
তিনি বলেন, যে দেশের সরকার রাষ্ট্র ব্যবস্থাকে কাজে লাগিয়ে দেশের নাগরিকদের প্রতিনিয়তই গুম, ক্রসফায়ারের লাশ উপহার দিতে পারে, স্বার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে ক্ষমতা নিজের হাতে কুক্ষিগত করতে পারে, অন্যদেশের ভূরাজনৈতিক স্বার্থ বড় করে দেখে, ‘অবৈধ’ভাবে নির্বাচন করে সরকার গঠন করতে পারে সেই সরকারের হুইসেলের বাঁশিতে নির্বাচন কমিশন উঠ-বস করে ।
তিনি বলেন, কমিশনের কর্মকর্তারা নিজেদের চাকরির নিরাপত্তার জন্য অবৈধ সরকারের হিংস্র আচরণে কোনো শব্দ উচ্চারণ করে নি। তাই এ কমিশন বাংলাদেশের ইতিহাসে বর্তমানের আরেকটি ব্যর্থ প্রতিষ্ঠান হিসেবে জনগনের নিকট বিবেচিত থাকবে।
বর্তমানে দেশের মানুষের বেঁচে থাকার স্বাধীনতা নেই মন্তব্য করে রিজভী বলেন, ঔপনেবেশিক আমলেও সামাজিক নিরাপত্তার এমন নজির ছিলো না। এখন জনগণের রাত কাটে আতঙ্কে, আশঙ্কায় আর নিরাপত্তাহীনতায়। সর্বদাই দু:সংবাদের জন্য অপক্ষো করতে হচ্ছে।
তিনি বলেন, জনগণ যে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ জানাবে, তারাই এখন নির্যাতনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সরকারের নির্দেশে নিম্ন আদালতে বিচারের রায় আগে থেকেই ঠিক হয়ে থাকছে।
তিনি বলেন, খুন, গুম ক্রসফায়ারের নামে একই মহাকাব্য চলছে। এসব অপকর্ম সব লিপিবদ্ধ হচ্ছে। জনগণের বিচারের কাঠগড়ায় একদিন দাড়াতে হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলের সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তালুকদার, নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ প্রমুখ।
[b]ঢাকা,টিএম,২২ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]