সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, ক্ষমতাসীন দলটির কেউ ‘বাড়াবাড়ি’ করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে।

শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, “শেখ হাসিনা বলেছেন, কোনো বাড়াবাড়িকে প্রশ্রয় দেওয়া হবে না। আপনারা তো জানেন, ক্ষমতাশীন দল হলে কিছু লোক বাড়াবাড়ি করে।

“সতর্ক করতে চাই- সুষ্ঠু নির্বাচন হচ্ছে এবং হবে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর থাকবে, নির্বাচন কমিশন কঠোর থাকবে। আমরা তাদের সহযোগিতা করব।”

সার্ক কালচারাল সোসাইটি আয়োজিত স্বাধীনতা উৎসব-২০১৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নাসিম বলেন, “আমি নির্বাচন কমিশনকে বলব, আপনারা কঠোর থাকবেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কেউ যেন বাধা সৃষ্টি না করতে পারে- সর্তক থাকবেন।”

গণতন্ত্রে বিশ্বাসী হওয়ায় আওয়ামী লীগ বার বার নির্বাচন দিয়েছে বল অনুষ্ঠানে মন্তব্য করেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম।

“আমরা গণতন্ত্র বিশ্বাস করি। বিশ্বাস করি বলেই আমরা বার বার নির্বাচন দিয়েছি। এমনকি আজকে স্থানীয় নির্বাচন হচ্ছে। ইয়েস কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটছে।

“কিন্তু আমি বলতে চাই, মন্ত্রী হিসেবে বলতে চাই, ১৪ দলের মুখপাত্র হিসেবে বলতে চাই, আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার হিসেবে বলতে চাই- শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করেন, আমরা সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করি।”

এজন্য কোথাও জাতীয় পার্টি, কোথাও আওয়ামী লীগ, কোথাও বিএনপি এবং কোথাও ১৪ দল জিততে পারে বলে মন্তব্য করেন তিনি।

এআইজে